প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
আমতলীতে সামারি ট্রায়ালে ভূমিহীনের জমি উদ্ধার!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ভূমিহীনের বন্দোবস্তকৃত জমি অবৈধভাবে দাবি ও দখলের অভিযোগে মো. রুহুল আমিন বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান আঙ্গুলকাটা গ্রামে সরেজমিনে গিয়ে উভয় পক্ষের সাক্ষ্য, দলিলপত্র ও জমির মাপঝোঁক পর্যালোচনা করে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) সম্পন্ন করেন।
আদালত সূত্রে জানা যায়, ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পাওয়া ৮০ শতাংশ জমি দখলের অভিযোগে মো. আঃ জলিল হাওলাদার ২০২৩ সালের ২৬ ডিসেম্বর আদালতে মামলা করেন। সরেজমিন পরিদর্শনে আসামিপক্ষের দাখিল করা দলিলে দুটি দাগ টেম্পারিংয়ের প্রমাণ পাওয়ার পর আদালত পেনাল কোডের ৪৬৫ ধারায় রুহুল আমিন বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
একই সঙ্গে জলিল হাওলাদারকে তার বেদখল জমির দখল বুঝিয়ে দিতে এবং বিরোধীয় জমিতে সীমানা পিলার স্থাপনের নির্দেশ দেওয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, বিচারকের সরেজমিনে উপস্থিত হয়ে দ্রুত বিচারিক পদক্ষেপ নেওয়ার ঘটনায় দীর্ঘদিনের বিরোধের তাৎক্ষণিক নিষ্পত্তি হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered