প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
বামনায় ফায়ার সার্ভিসের সামনে পরিত্যক্ত শিশুর পরিচয় মিলেছে

বরগুনার বামনায় ফায়ার সার্ভিসের সামনে বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটির মায়ের পরিচয় পাওয়া গেছে। জানা গেছে, শিশুটির মা বামনার পশ্চিম শফিপুর এলাকার এক ওমানপ্রবাসীর স্ত্রী শাহিনুর বেগম।
গত ২৪ আগস্ট বামনা ফায়ার সার্ভিস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটির পরিচয় ও পিতৃত্ব নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়।
শাহিনুর বেগমের দাবি, প্রতিবেশী চাড়াখালীর কাঞ্চন হাওলাদারের ছেলে জাকিরের সঙ্গে তার এক বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল। সন্তান গর্ভে আসার পর জাকির পিতৃত্ব অস্বীকার করেন। সামাজিক মর্যাদা ও ভয়ভীতির কারণে সন্তান জন্মের পর রাত ৪টার দিকে শিশুটিকে ফায়ার সার্ভিসের সামনে বাজারের ব্যাগে রেখে যান বলে দাবি করেন তিনি।
তবে শাহিনুরের অভিযোগ অস্বীকার করে জাকির দাবি করেছেন, শিশুটির বাবা তিনি নন। তার সঙ্গে শাহিনুরের সম্পর্কের বিষয়টিও তিনি অস্বীকার করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির প্রকৃত পিতৃপরিচয় নিশ্চিত করতে সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বামনা থানার ওসি ফারুক হোসেন জানান, শিশুটির পরিচয় নিশ্চিত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত করা হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered