প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
তালতলীতে নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকন্যাকে কুপিয়ে জখম!

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে এক নারীকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে তাঁর ছয় বছরের মেয়েকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বেল্লাল আকন (৪০) নামক এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার (১৪ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী নারী। মামলার অভিযোগে জানা যায়, ১০ সেপ্টেম্বর বিকেলে ওই নারী বাড়িতে ফেরার পর বেল্লাল ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বেল্লাল পালানোর সময় দা দিয়ে তাঁকে কোপানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে পাশে থাকা তাঁর ছয় বছরের মেয়ে নুহাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগটি তদন্তের জন্য সিআইডি বরগুনাকে নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ওসমান গনি। বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) রনজুয়ারা সিপু বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বেল্লাল আকনের বক্তব্য পাওয়া যায়নি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered