প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
বরগুনায় জমিদখল-চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন!

সোহাগ হাওলাদার প্রতিনিধি: বরগুনায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলে বিপ্লব বিশ্বাসসহ আটজনের নাম উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন শুভাশ চন্দ্র ঘোষ। এ সময় তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা এবং জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। গত সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা প্রেসক্লাবের হলরুমে রাত আটটার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে শুভাশ চন্দ্র ঘোষ বলেন, বরগুনা শহরের খাকদোন নদীর উত্তর পাড়ের বড় গৌরীচন্না মৌজায় বিভিন্ন খতিয়ানে তাদের প্রায় ৯ একর রেকর্ডীয় জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমিতে ইটভাটার ব্যবসা করলেও সম্প্রতি হাউজিং ব্যবসা শুরু করেছেন তারা। তিনি অভিযোগ করেন, চিহ্নিত চাঁদাবাজ ও বিভিন্ন মামলার আসামি হিসেবে উল্লেখ করা বিপ্লব বিশ্বাস তার দলবলসহ তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জমি দখলের চেষ্টা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে বিপ্লব বিশ্বাস, কালাম (তথাকথিত মেম্বার), সেন্টু (সোনাখালী), ডলার, লিমন, সবুজ, হারুন (মাস্টার) ও আব্বাস- সহ আরো ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের জমিতে প্রবেশ করে। এ সময় নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে জমি থেকে মাটি কেটে দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর বরগুনা থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান শুভাশ চন্দ্র ঘোষ। বর্তমানে তিনি ও তার ভাই নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে শুভাশ চন্দ্র ঘোষ বলেন, ঘটনাটি সম্পূর্ণ সত্য, তথ্য অনুসন্ধান করে সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন। এ সময় বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered