প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: গত ১১ সেপ্টেম্বর, শুক্রবার বরগুনা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অক্ষর পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত চর্চা-২০২৬’-এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে অক্ষর পাঠাগারের সহকারী পরিচালক ওমর আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, বরগুনার উপ-পরিচালক জনাব মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি জনাব মো. হাফিজুর রহমান, বরগুনা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান ইমদাদ হোসেন খান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পাথরঘাটার বেঞ্চ সহকারী মুবিনুর রহমান, চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এহসান আহমাদ নোমান, এভারগ্রিন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এন. জামানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‘সীরাত চর্চা-২০২৬’-এ বরগুনা জেলার ছয়টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজনে কুইজ প্রতিযোগিতা, কুরআন তিলাওয়াত, নাতে রাসূল (সা.) এবং বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞানচর্চা ও অনুশীলনের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ শুধু ধর্মীয় শিক্ষার বিষয় নয়; বরং মানবিকতা, ন্যায়, সহমর্মিতা, শৃঙ্খলা ও উত্তম চরিত্র গঠনের অন্যতম অনুকরণীয় দৃষ্টান্ত। তাই নতুন প্রজন্মের মাঝে সীরাত চর্চার প্রসার ঘটানো সময়ের গুরুত্বপূর্ণ দাবি। অনুষ্ঠানের শেষ পর্বে পাঠাগারকে আরও আধুনিক, স্মার্ট ও সর্বসাধারণের জন্য সহজলভ্য করার লক্ষ্যে অক্ষর পাঠাগারের নিজস্ব ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered