প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
বরগুনায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

বরগুনা জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচিটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ বিশেষ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সকল সিটি করপোরেশনের প্রশাসকবৃন্দ, ৬৪ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ৫০৩ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি, বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের চেয়ারম্যানসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে ডেঙ্গু প্রতিরোধে জাতীয় সচেতনতামূলক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার সর্বত্র আগামী তিন মাস এ কর্মসূচি বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে। সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অংশীজনকে এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বরগুনার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অংশীজন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন।
জেলা প্রশাসন সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। বিশেষ করে বাড়িঘর, অফিস-আদালত ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে বরগুনা জেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার এবং ডেঙ্গু সচেতনতামূলক জনসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা করছে জেলা প্রশাসন।
উল্লেখ্য, বরগুনা জেলা প্রশাসনের পাশাপাশি পৌর প্রশাসন, এলজিইডি এবং বিভিন্ন সরকারি দপ্তরে একইভাবে সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে,,
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered