প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ‘রাজা ইলিশ’ বিক্রি প্রায় ১৬ হাজারে

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় আকারের ‘রাজা ইলিশ’ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেয় মেসার্স নিউ আল আমিন ফিস। প্রতি মণ ২ লাখ ৩৬ হাজার টাকা দরে মাছটি ক্রয় করেন প্রতিষ্ঠানটির পাইকার পলাশ। জানা গেছে, রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে আলতাফ হোসেন মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য বিএফডিসি মৎস্য ঘাটে আনা হলে নিলামে তোলা হয়। পাইকার ইমরান হোসেন রিফাত বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে বড় আকারের ইলিশ তুলনামূলক কম ধরা পড়ছে। এর মধ্যে ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ ধরা পড়ায় তারা খুশি। মাছটি খুলনার বাজারে নিয়ে বিক্রি করা হবে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। তবে জেলেরা এখনও আশানুরূপ মাছ পাচ্ছেন না। সামনে ইলিশের পরিমাণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered