প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2026 ইং
আমতলীতে পল্লবী সড়কের বেহাল দশা: দুর্ভোগে শিক্ষার্থীসহ নাগরিকরা!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আরমান খোরশেদ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন পল্লবী সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দ ও ভাঙাচোরায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন শত শত পৌরবাসী। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক, নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি বেশি। স্থানীয়রা জানান, পল্লবী আবাসিক এলাকার গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে। বর্ষায় বৃষ্টির পানি ও কাদায় সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। রিকশা, ভ্যানসহ যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে দুর্ভোগ। স্থানীয় মানবাধিকার কর্মী মো. মাসুম বিল্লাহ বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা অসুস্থ রোগী পরিবহনের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়তে পারে। ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মনিরুল ইসলাম পাহলান দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, সড়কটির কারণে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খান বলেন, পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। জনবল সংকটের কারণে কিছু কাজে বিলম্ব হলেও অচিরেই পল্লবী সড়কের সংস্কারকাজ শুরু হবে বলে আশা করছেন তারা। দ্রুত সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered