প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2026 ইং
তালতলী উপকূলে ভেসে এলো মৃত বেলিন তিমি

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপকূলের আন্ধারমানিক নদীতে ভেসে এসেছে একটি মৃত বেলিন তিমি। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের হরিণখোলা বাজারসংলগ্ন নদীর তীরে স্থানীয়রা তিমিটিকে দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমানের ধারণা, তিমিটি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছে। পচনের কারণে এর দেহে ব্যাপক পরিবর্তন হয়েছে। পরিবেশকর্মী আরিফুর রহমান জানান, পরে তিমিটিকে গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে দেখা যায়। তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তিমিটিকে নিশানবাড়িয়ার দিকে আনার চেষ্টা চলছে। নমুনা সংগ্রহের পর সেটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে। তিমিটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫–৬ টন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজীব সরকার জানান, এটি বেলিন তিমি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered