প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2026 ইং
বরগুনা চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পর্ষদের শপথ গ্রহণ

বরগুনা জেলা প্রতিনিধি: দীর্ঘ ২০ বছর পর নির্বাচনের মাধ্যমে গঠিত বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের পায়রা সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন এবং চেম্বারের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ কর্মকার। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহিন এবং বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা এজেডএম সালেহ ফারুক ও মিজানুর রহমান মিজান। এর আগে গত ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদে সভাপতি হয়েছেন মো. নজরুল ইসলাম মোল্লা। পর্ষদের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন এবং সহ-সভাপতি মো. আতাউর রহমান বাবুল। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল আলীম খান, মো. সাইদুর রহমান সজীব, জালাল উদ্দিন কাজল ও লিটন চন্দ্র দেবনাথ।
শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার নবনির্বাচিত পর্ষদের সদস্যদের শুভেচ্ছা জানান। তিনি বরগুনার অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যরা বরগুনার ব্যবসায়িক পরিবেশ আরও সুন্দর, স্বচ্ছ ও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered