প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ

পাথরঘাটা প্রতিনিধি: ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপারস বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এবং বিদ্যালয়ের প্লানেটিয়ারস ক্লাবের বাস্তবায়নে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ধরা পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমাম হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন ধরা বরগুনা জেলার সদস্য সচিব ও পরিবেশকর্মী মুশফিক আরিফসহ স্থানীয় সমাজকর্মী ও পরিবেশকর্মীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় চারা রোপণ ও পরিচর্যার জন্য তাদের উৎসাহিত করা হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered