প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
সাভারের মাদ্রাসাছাত্রকে বলাৎকার মামলার আসামি বরগুনা থেকে গ্রেপ্তার!

ঢাকা প্রতিনিধি: সাভারের একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার আসামি সায়েমকে বরগুনার বেতাগী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বেতাগী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সায়েম মামলার দুই নম্বর আসামি। এ মামলায় মাদ্রাসার চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগের মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ওই শিশুকে দীর্ঘদিন ধরে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে আসছিলেন। অসুস্থ হয়ে পড়ার পর শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির বাবা আদালতে মামলা করলে আদালতের নির্দেশে সেটি সাভার মডেল থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered