প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2026 ইং
আমতলীতে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীর শোভাযাত্রা

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় আমতলী শ্রী শ্রী মদনমোহন জিউর কেন্দ্রীয় মন্দির থেকে সনাতন ধর্ম সংরক্ষণ সমিতি ও সার্বজনীন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দিরের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়। এটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ৭ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ মন্দিরে যায়। পরে সেখান থেকে পুনরায় মদনমোহন জিউর মন্দিরে এসে শোভাযাত্রা শেষ হয়। শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার শত শত ভক্ত-অনুরাগী অংশ নেন। এ উপলক্ষে মন্দিরে দুই দিনব্যাপী ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রা কমিটির সদস্য অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস, জগদীশ চন্দ্র বসু, বিনয় কুমার দাস, অশোক কর্মকার, মৃদুল কুণ্ড, সুকুমার হালদার, বিকাশ, হরি পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শোভাযাত্রার পুরো পথে পুলিশ মোতায়েন ছিল এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered