প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2026 ইং
আমতলীতে শিক্ষার্থীদের জার্সি বিতরণ ও এতিমদের পাশে থাকার অঙ্গীকার

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কুকুয়া শহীদ সোহরাওয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ করেছে ছোনাউটা হাওলাদার সমাজকল্যাণ সংস্থা। একই সঙ্গে বিদ্যালয়ের ২৫ জন এতিম শিক্ষার্থীর শিক্ষা ও কল্যাণে সহযোগিতার অঙ্গীকার করেছে সংগঠনটি। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জামিল হাওলাদার, সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার রজনী ও সহ-সভাপতি রাজিব হাওলাদার উপস্থিত ছিলেন। সভাপতি ও প্রতিষ্ঠাতা রাসেল হাওলাদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। জার্সি বিতরণের পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২৫ জন এতিম শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। তাদের প্রয়োজনের কথা জানতে পেরে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা ও কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের অন্যতম লক্ষ্য। ইতোমধ্যে শিশু সহায়তা, নারী শিক্ষা, দরিদ্রদের সহযোগিতা, বন্যার্তদের ত্রাণ ও কাঠের পুল নির্মাণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা অংশ নিয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার রজনী বলেন, শিক্ষা, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবামূলক ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered