প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
বরগুনায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বরগুনা প্রতিনিধি: ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সম্মুখে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জেড এম সালেহ ফারুক, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা (ডিপিও) আবু জাফর মোহাম্মদ সালেহ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার দর্শন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি নজরুলের জীবন, কর্ম ও দর্শন সম্পর্কে জানার আহ্বান জানান। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবিক ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered