প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
বেতাগীতে বৈধ সনদ ছাড়াই ‘সর্বরোগ বিশেষজ্ঞ’ সেজে চিকিৎসার অভিযোগ!

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌর শহরের ফার্মেসি পট্টিতে বৈধ চিকিৎসা-সনদ ছাড়াই রোগী দেখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দালাল চক্রের মাধ্যমে রোগী এনে ২০০ টাকা ভিজিটে তিনি বিভিন্ন রোগের চিকিৎসা ও উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকসহ নানা ওষুধ ও পরীক্ষা লিখে দিচ্ছেন। জানা গেছে, প্রায় এক দশক আগে জাহাঙ্গীর রেন্ট-এ-কারের বাইক রাইডার হিসেবে কাজ করতেন। পরে স্বর্ণ ব্যবসায় যুক্ত হলেও বর্তমানে নিজেকে ‘টেকনিশিয়ান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ। তার চেম্বারে সেফট্রিয়াক্সোনসহ বিভিন্ন ওষুধের খালি কার্টন ও স্যালাইনের প্যাকেটও দেখা গেছে। চিকিৎসা কার্যক্রমের গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ বলেন, জাহাঙ্গীরের চিকিৎসা দেওয়ার বৈধ কাগজপত্র নেই এবং এর আগেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। পুনরায় চেম্বার পরিচালনার বিষয়টি জানতে পেরে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেনও বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered