প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2026 ইং
বামনায় সাইফুল হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন:

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের অযোধ্যা গ্রামে মো. সাইফুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নিহতের স্বজনদের অভিযোগ, গত ৩১ জুলাই রাতে সাইফুলকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সুমাইয়া আক্তার ও তার বোন সোনিয়ার সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। তবে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি এবং সম্পৃক্ততার বিষয়টি তদন্তসাপেক্ষ। বক্তারা সাইফুল হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বামনা থানার ওসি ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। ময়নাতদন্তের পর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered