প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
বরগুনায় সাপ্তাহিক গণশুনানি ও অসহায় মানুষের পাশে মানবিক জেলা প্রশাসন

বিশেষ প্রতিবেদন: জনসেবাকে আরও সহজ, মানবিক ও জনবান্ধব করতে বরগুনা জেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগে সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। নানা অভিযোগ-সমস্যা নিয়ে আসা মানুষের কথা সরাসরি শোনা থেকে শুরু করে অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো—বিভিন্ন স্কুল, কলেজ ও বিদ্যালয় থেকে শুরু করে উন্নয়ন ও জনসচেতনতা মূলক মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে বরগুনা জেলা প্রশাসনের জনকল্যাণমুখী ভূমিকা প্রশংসিত হচ্ছে সর্বমহলে। গত সোমবার (২৪ আগস্ট ২০২৬) বরগুনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে এ খাদ্যসামগ্রী তুলে দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (NDC ) মো. সাইফুল ইসলাম। এ সময় সহায়তা পাওয়া মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায় ---
খাদ্যসামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা বরগুনার বর্তমান জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জেলা প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন। এর আগে গত বুধবার (১৯ আগস্ট ২০২৬) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় নিয়মিত সাপ্তাহিক গণশুনানি। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ তাদের অভিযোগ, সমস্যা, আবেদন ও পরামর্শ নিয়ে গণশুনানিতে উপস্থিত হন। News link 👇 (গণশুনানির টেবিলেই চিকিৎসা সেবা: বরগুনায় ডিসির ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ)
জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সেবাপ্রার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এতে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ আরও কার্যকর হয়েছে বলে মনে করছেন সেবাপ্রার্থীরা। গণশুনানিকে আরও সেবাবান্ধব ও বাস্তবমুখী করার উদ্যোগ হিসেবে জেলা প্রশাসকের আহ্বানে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবা নিতে আসা প্রায় শতাধিক মানুষের শারীরিক সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তিনি প্রয়োজন অনুযায়ী চিকিৎসাপত্র ও চিকিৎসা-পরামর্শ দেন। গণশুনানির পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং নগদ অর্থ প্রদান করা হয়।
শুধু অভিযোগ শোনা বা চিকিৎসা পরামর্শ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এ উদ্যোগ গুলি। প্রয়োজনিয়তা বিবেচনায় রেখে কয়েকজন সেবাপ্রার্থীর মধ্যে নগদ আর্থিক সহায়তা ও শুকনা খাবার বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও অন্যান্য সহায়তাও দেওয়া হয়। জেলা প্রশাসনের এমন উদ্যোগে গণশুনানি এখন শুধু অভিযোগ জানানোর একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম নয়; বরং সাধারণ মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে সহযোগিতা ও সমাধানের একটি কার্যকর মাধ্যম হিসেবে দৃশ্যমান হচ্ছে। স্থানীয় সেবাপ্রার্থীদের মতে, একজন জেলা প্রশাসকের দায়িত্ব কেবল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়—দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা এবং প্রয়োজনের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াও জনকল্যাণমূলক প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ। সেই দৃষ্টিকোণ থেকে বরগুনা জেলা প্রশাসনের সাম্প্রতিক কার্যক্রম ইতিবাচক ও প্রশংসনীয় দৃষ্টান্ত তৈরি করছে।
প্রতি সপ্তাহের বুধবার নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের কথা শোনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা দেওয়ার এ ধারাবাহিকতা বরগুনায় জনবান্ধব প্রশাসনের প্রত্যাশাকে আরও শক্তিশালী করছে। আগামী বুধবারও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে প্রশাসন ও জনগণের মধ্যকার দূরত্ব আরও কমবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered