প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
বঙ্গোপসাগরে বরগুনার ‘এফবি রাইসা মণি’ ট্রলারডুবি: প্রাণে বাঁচলেন ১৬ জেলে!

বরগুনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে বরগুনার মাছ ধরার ট্রলার ‘এফবি রাইসা মণি’ ডুবে গেছে। তবে আশপাশের একটি ট্রলারের জেলেদের দ্রুত সহায়তায় ট্রলারে থাকা ১৬ মাঝি-মাল্লা প্রাণে রক্ষা পেয়েছেন। গত শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর উপকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক বরগুনা পৌর এলাকার বাসিন্দা রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রলার মালিকের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে বরগুনা থেকে ১৬ জেলেকে নিয়ে ‘রাইসা মণি’ সাগরে মাছ ধরতে যায়। শনিবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হলে তারা উপকূলে ফেরার পথে মহিপুর এলাকায় প্রবল ঢেউয়ের চাপে ট্রলারের পেছনের অংশের তলা ফেটে যায়। দ্রুত পানি ঢুকে মাছবোঝাই ট্রলারটি কিছুক্ষণের মধ্যেই ডুবে যায়। ট্রলারডুবির পর আশপাশে থাকা একটি মাছ ধরার ট্রলারের জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যায়ক্রমে ১৬ জনকে উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়া জেলেরা এখনো উপকূলে ফেরেননি বলে জানা গেছে। পরবর্তী দিন রোববার (২৩ আগস্ট) সকালে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করা হলেও সেটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারটি উদ্ধারে নৌবাহিনীর সহযোগিতা চেয়েছেন মালিকপক্ষ।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর সমুদ্র উত্তাল থাকায় বেশ কিছু ট্রলার নিরাপদে উপকূলে ফিরতে শুরু করেছে। এ অবস্থায় রাসেলের মালিকানাধীন ‘এফবি রাইসা মণি’ উপকূলে ফেরার পথে ডুবে যায়। তবে পাশের একটি ট্রলারের জেলেদের সহযোগিতায় সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered