প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 23, 2026 ইং
পাথরঘাটায় বরফের কৃত্রিম সংকটে দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি!

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় কৃত্রিম সংকট তৈরি করে বরফের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরফকল মালিকদের বিরুদ্ধে। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি বরফকল দীর্ঘদিন বন্ধ থাকা ও ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগে একটি সিন্ডিকেট জেলে ও মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দামে বরফ বিক্রি করছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ীরা জানান, আগে একটি ক্যান বরফ ১২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে মাছ সংরক্ষণে বিপাকে পড়েছেন জেলে, পাইকার ও আড়তদারেরা। বরফের সংকটের কারণে বিপুল পরিমাণ মাছ নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। গতকাল সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন পাইকার ও আড়তদার সমিতির নেতারা। পাথরঘাটা বিএফডিসি পাইকার সমিতির নেতা জাকির হোসেন অভিযোগ করেন, অতিরিক্ত দামে বরফ কিনতে গিয়ে ব্যবসায়ীরা চাহিদামতো বরফ সংগ্রহ করতে পারছেন না। তাঁর দাবি, গত ১৫ দিনে অতিরিক্ত দামে বরফ কেনার কারণে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা বেশি নেওয়া হয়েছে। তিনি ওই অতিরিক্ত টাকা ফেরতের দাবি জানান। তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন বরফকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী। তিনি বলেন, ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বৃদ্ধির কারণে বরফ উৎপাদন ব্যয় বেড়েছে। এ কারণে কিছু বরফকল মালিক বেশি দামে বরফ বিক্রি করছেন, তবে এর সঙ্গে কোনো সিন্ডিকেট জড়িত নয়। ব্যবসায়ীরা বরফের দাম নিয়ন্ত্রণ ও কৃত্রিম সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered