প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
তালতলীতে জমি চাষে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

রাসেদুল হাসান (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে জমি জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়ায় মো. রাকিব (২৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত রাকিবকে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গত শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাকিব ওই এলাকার বাসিন্দা মো. আবুল কালামের ছেলে। আহত রাকিবের পরিবারের অভিযোগ,উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকায় তাদের মালিকানাধীন জমিতে স্থানীয় খোকন মাল জোরপূর্বক চাষাবাদ করতে আসেন। এ সময় রাকিব জমিতে চাষাবাদে বাধা দিলে খোকন মালের নেতৃত্বে রুস্তুম, ইব্রাহিম, ইসমাইল, আলমগীরসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় হামলাকারীরা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে আহত রাকিবের বাবা মো. আবুল কালাম বলেন,আমাদের জমিতে জোরপূর্বক চাষাবাদ করতে আসলে আমার ছেলে বাধা দেয়। এ সময় খোকন মালের নেতৃত্বে একদল লোক আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত খোকন মালের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইদুল ইসলাম বলেন,মারধরের একটি খবর পাওয়া যায়। এবিষয়ে ভুক্তভোগি পরিবারকে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered