প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2026 ইং
বরগুনায় নদী ভরাট ও সরকারি খাস জমি দখল করে বালুর ব্যবসার অভিযোগ!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা বিশখালী নদীর তীর ঘেঁষে সরকারি খাস জমি দখল করে বালুর ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে!
পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা পরিষদের সামনেই প্রকাশ্যে গড়ে উঠেছে এসব বালুর স্তূপ: স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ট্রাক-ট্রলি ও টমটমসহ বিভিন্ন যানবাহনে করে বিপুল পরিমাণ বালু আনা-নেওয়া হচ্ছে। এতে নদীর তীর ভরাট হয়ে নাব্যতা কমার পাশাপাশি পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয়রা আরও জানান, বালু পরিবহনের কারণে এলাকায় ধুলাবালি ও শব্দদূষণ বেড়ে গেছে এবং রাস্তার ও ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপক। আসপাশের পরিবারের রান্নাঘরে বালি ঢুকে খাবার নষ্ট হচ্ছে, রাতে যানবাহনের বিকট শব্দে শিক্ষার্থীদের ও ছোট শিশুদের ঘুম ব্যাহত হচ্ছে। এ কারণে বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রেও অনেকটা সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত সরকারি জমি উদ্ধার ও নদী দখলমুক্ত করার দাবি জানিয়েছেন -
এছাড়া স্থানীয়দের আরও অভিযোগ, মাঝেমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের লোকজন এসে নদী পরিমাপ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কখনো! বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি খাস জমি দখল করে বালুর ব্যবসার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদী দখলকারীদের ছাড় দেওয়া হবে না।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত ও উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সরকারি জমি ও নদী দখলমুক্ত করে পরিবেশ রক্ষা করা হোক।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered