
তালতলী প্রতিনিধি: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) সকালে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন স্বাক্ষরিত ওই নোটিশ তার কাছে দেওয়া হয়। নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে স্বশরীরে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়, গত ৯ ও ১৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বরগুনা জেলা শাখার আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম মোল্লাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, দলীয় গণতন্ত্র ও শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে দলীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
মোস্তাফিজুর রহমান মোস্তাক তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব। ২০২৪ সালে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তৎকালীন দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকেও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। ২০২৫ সালের ২৪ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মোস্তাফিজুর রহমান মোস্তাক দলকে আরও সুসংগঠিত করতে কাজ করার কথা জানিয়েছিলেন।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। নোটিশের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে দলীয়ভাবে পরবর্তী কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নির্ধারণ করা হবে।