প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 17, 2026 ইং
বরগুনায় নৌযান শুমারির কর্মকর্তা-তথ্য সংগ্রহকারীদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আওতাধীন ‘নৌযান ডাটাবেজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প’-এর অধীনে বরগুনায় নৌযান শুমারির কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গত সোমবার বিকেলে বরগুনা জেলা স্কুলে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এতে ১০৪ জন অংশ নেন। তাদের মধ্যে ৯১ জন তথ্য সংগ্রহকারী এবং ১৩ জন জোনাল অফিসার রয়েছেন। মূল শুমারির তথ্য সংগ্রহ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বরগুনা জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন তালতলী উপজেলা পরিসংখ্যান অফিসের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. নুরুজ্জামান ও ঢাকা বিবিএসের লাইব্রেরিয়ান মো. রফিকুল ইসলাম।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং নির্ভুলভাবে নৌযানের তথ্য নথিভুক্ত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দায়িত্বপ্রাপ্ত ১০৪ জন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী বরগুনা জেলার মাঠপর্যায়ে নৌযান শুমারির মূল তথ্য সংগ্রহের কাজ করবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কার্যক্রমের মাধ্যমে জেলার নৌযান সম্পর্কিত নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরিতে সহায়তা হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered