প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
পাথরঘাটায় গাছ কাটতে বাধা দেওয়ায় বনকর্মীকে কুপিয়ে জখম!

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটতে বাধা দেওয়ায় মো. আমিনুল ইসলাম (৪২) নামে এক বনকর্মীকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে পাথরঘাটা রেঞ্জের চরলাঠিমারা এলাকার সংরক্ষিত হরিনঘাটা বনে এ ঘটনা ঘটে। আহত আমিনুল ইসলাম পটুয়াখালী বন বিভাগের অধীন পাথরঘাটা রেঞ্জের চরলাঠিমারা ক্যাম্পে ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত।
বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আজিজ বেপারীর ছেলে বেল্লাল হোসেন (২৯) বনাঞ্চল থেকে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বনকর্মী আমিনুল ইসলাম বাধা দেন। এ সময় বেল্লাল দা দিয়ে আমিনুলকে কুপিয়ে জখম করেন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered