প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
বরগুনার আমতলীতে ৭সেতুর বেহাল দশা:ভোগান্তিতে প্রায় ১৯ গ্রামের ১৫ হাজার মানুষ

আমতলী প্রতিনিধি: বরগুনা জেলার আমতলী উপজেলার ১৯ গ্রামের সংযোগকারী সাতটি লোহার সেতু দীর্ঘদিন সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাঁচটি সেতুর মাঝখানের ঢালাই ধসে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং দুটি সেতু দেবে গেছে। এতে প্রায় অর্ধলাখ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এর মধ্যে আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর খালের সেতুটি মাঝের চারটি পিলারসহ দেবে যাওয়ায় প্রায় ১৫ হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। হলদিয়া হাট ও রাঢ়ী বাড়ি সংলগ্ন চাওড়া খালের দুটি সেতুতেও ঢালাই ধসে রড বেরিয়ে গেছে। একইভাবে কাউনিয়া, লোদা ও চিলা খালের ওপরের সেতুগুলোও যান ও জনসাধারণের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুগুলোর দুরবস্থায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে। অনেক সেতুতে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প পথে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে। আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল্লা আল মামুন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ সাতটি লোহার সেতুর পরিবর্তে গার্ডার সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
স্থানীয়দের দাবি, নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ঝুঁকিপূর্ণ সেতুগুলো সংস্কার বা বিকল্প ব্যবস্থা করা হোক, যাতে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered