প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2026 ইং
বরগুনায় বাঁধ উঁচু করায় ৪৫ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা!

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাঁধ উঁচু করার কাজের কারণে সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলার প্রায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক এখন কর্দমাক্ত ও খানাখন্দে ভরা। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, বরগুনা সদরে ২০ কিলোমিটার, তালতলীতে ৩ কিলোমিটার এবং পাথরঘাটায় ২২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ উঁচু করার সময় এসব সড়কের পাকা অংশ তুলে ফেলায় বৃষ্টির পর সড়কগুলো কাদায় পরিণত হয়েছে। শিশু, বয়স্ক, রোগী ও কৃষকদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
স্থানীয় বাসিন্দা নূর ইসলাম মুসাল্লি জানান, গুলবুনিয়ার সড়কটি প্রায় দুই বছর ধরে কাঁচা অবস্থায় রয়েছে। বর্ষায় যানবাহন চলাচল করতে না পারায় কৃষিপণ্য পরিবহনেও সমস্যা হচ্ছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় জনগণকে রক্ষায় বাঁধ উঁচু করা হয়েছে। তিনি দীর্ঘমেয়াদে বাঁধের ওপর রাস্তা না করে আলাদা সড়ক নির্মাণের ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তথ্য সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষ হলে সড়কগুলো পুনরায় পাকা করার উদ্যোগ নেওয়া হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered