প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
বরগুনায় গোপনে সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ: ৩ জনের বিরুদ্ধে মামলা!
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় তালাকের বিষয়টি গোপন রেখে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগে এক নারী তার সাবেক স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। গত মঙ্গলবার (১১ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি মামলাটি গ্রহণ করে পিবিআই পটুয়াখালীকে সাত কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর গ্রামের খলিলুর রহমান (৩৫), তার বাবা মো. ইউসুফ হাওলাদার ও মা মোসা. ভানু বেগম (৪৮)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ এপ্রিল খলিলুর রহমানের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি পৃথক মামলা করেন।
বাদীর অভিযোগ, খলিলুর রহমান গত ১৬ জানুয়ারি তাকে তালাক দিলেও বিষয়টি গোপন রাখেন। এরপর ১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি সাবেক স্বামীর বাড়িতে অবস্থান করেন এবং এ সময় তালাকের বিষয়টি না জানিয়ে খলিলুর রহমান একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি তার বাবা-মাও জানতেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে খলিলুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বরগুনার বিশেষ সরকারি কৌঁসুলি রনজুয়ারা সিপু বলেন, তালাক দেওয়া আইনগত অধিকার হলেও তালাকের বিষয়টি গোপন রেখে সাবেক স্ত্রীকে নিজের ঘরে রেখে শারীরিক সম্পর্ক করার অভিযোগ গুরুতর।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered