প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
আমতলীতে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় গত ১৫ দিন ধরে তীব্র লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিনে দুই-একবার বিদ্যুৎ এলেও ১০-১৫ মিনিটের বেশি স্থায়ী হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এতে শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমতলী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. কাওসার আহমেদ বলেন, উপজেলায় বিদ্যুতের দৈনিক চাহিদা প্রায় ১৩ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে প্রায় ৮ মেগাওয়াট ঘাটতি থাকায় লোডশেডিং হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. রিপন মুন্সি বলেন, দিনে এক-দুবার বিদ্যুৎ এলেও ১০-১৫ মিনিটের বেশি থাকে না। বিদ্যুতের ওপর নির্ভরতার আশা ছেড়ে দিয়ে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবতে হচ্ছে।
গৃহিণী রুমা আক্তার ও স্কুলছাত্রী তানজিলা আক্তার জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রাতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এদিকে বিদ্যুৎ সংকটে মাছ ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় মাছ সংরক্ষণে সমস্যা হচ্ছে। ফাতেমা আইস ফ্যাক্টরির মালিক মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যুতের অভাবে বরফ উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। এতে তাদের ব্যবসার পাশাপাশি মাছ ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে আমতলীর দীর্ঘস্থায়ী লোডশেডিং থেকে জনসাধারণকে মুক্তি দেওয়া হোক।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered