প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2026 ইং
বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়নে সড়কের বেহাল অবস্থা:

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের অধিকাংশ গ্রামের অভ্যন্তরীণ সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ গ্রামের সড়ক এখন চলাচলের অনুপযোগী। এতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সরেজমিনে আয়লা, পাতাকাটা, জাঙ্গালিয়া, পাকুরগাছিয়া, ইটবাড়িয়া, বধুঠাকুরানী, খাজুরতলা, গাবতলী ও কেওড়াবুনিয়াসহ বিভিন্ন এলাকার সড়কের নাজুক চিত্র দেখা গেছে। কোথাও কাঁচা রাস্তা, কোথাও ইট উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই কোথাও কোথাও কাদা-পানিতে একাকার হয়ে যায় সড়ক। স্থানীয়দের অভিযোগ, বর্ষায় এসব রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সসহ যানবাহন চলাচল করতে পারে না। রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়তে হয়। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতেও সমস্যায় পড়ছেন বাসিন্দারা। খাজুরতলা গ্রামের বাসিন্দা এস এম ইমরান হোসেন বলেন, “বছরের পর বছর রাস্তার এই অবস্থা। বৃষ্টি হলে হাঁটারও উপায় থাকে না। রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে সবচেয়ে বেশি সমস্যা হয়।”
ইউপি সদস্য আইরিন আক্তার ও মহিবুল্লাহ রিপন জানান, কয়েকটি রাস্তা সংস্কারের জন্য তালিকা দেওয়া হলেও বরাদ্দের তুলনায় চাহিদা বেশি হওয়ায় সব রাস্তার কাজ করা সম্ভব হচ্ছে না। আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, রাস্তার সমস্যা রয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার ও পাকা করার জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।
এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, প্রকল্পের অগ্রাধিকার ও বরাদ্দের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কগুলো উন্নয়নের আওতায় আনার চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করা সড়কগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে টেকসই সড়ক নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে ইউনিয়নের যোগাযোগব্যবস্থার স্থায়ী সমাধান করা হোক।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered