প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2026 ইং
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ জুলাই যোদ্ধা আটক!

বরগুনা প্রতিনিধি: বরগুনায় ২০টি ইয়াবাসহ সুমন মৃধা নামে এক জুলাই যোদ্ধাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত শনিবার (৮ আগস্ট) রাতে বরগুনা সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক সুমন মৃধা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা বলে জানা গেছে। এ নিয়েও বরগুনার আন্দোলনকারীরা কয়েকবার অভিযোগ তুলেছেন যে, তিনি একজন ভুয়া জুলাই যোদ্ধা! কয়েকজন সাবেক সমন্বয় প্রতিবেদককে জানান তিনি এক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি ছিলেন কিন্তু জুলাই যোদ্ধা দাবি করে সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছেন!
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবির একটি টহল দল হেউলিবুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় সুমন মৃধাকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বলেন, সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered