প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2026 ইং
তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃ খননে ফিরেছে পানিপ্রবাহ

তালতলী প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে তালতলী উপজেলার বড়বগী ও বড় ভাইজোড়া খালের ৫ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে। এতে পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয় কৃষকরা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির’ আওতায় ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা ব্যয়ে খাল দুটির পুনঃখনন করা হয়। প্রকল্পটি বড়বগী ইউনিয়নের ছাতনপাড়া থেকে শুরু হয়ে খাজুরা কালভার্ট অতিক্রম করে ছোটবগী ইউনিয়নের বলের তবক পর্যন্ত বিস্তৃত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন দখল, দূষণ ও পলি জমে খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে সেচ সংকট এবং বর্ষায় জলাবদ্ধতা দেখা দিত। পুনঃখননের পর সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হয়েছে। খালের দুই পাড়ে রাস্তা নির্মাণ ও বৃক্ষরোপণও করা হয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, সেচ সুবিধা বাড়ায় এখন এক ফসলি জমিতে বছরে দুই থেকে তিনটি ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খাল পুনঃখননের ফলে কৃষি ও মৎস্যসম্পদ বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে খালের দুই পাশে পরিবেশবান্ধব সবুজ বলয় গড়ে তোলা হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered