প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 3, 2026 ইং
বরগুনায় বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা: একদেশ এক QR

আতিকুর রহমান ইশতি, বরগুনা থেকে: দেশব্যাপী ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও একীভূত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে "এক দেশ এক কিউআর" কর্মসূচির আওতায় বরগুনায় বাংলা কিউআর (Bangla QR) বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বরগুনা শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন এলাকার আরডিএফ টাওয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের পরিচালক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (বরগুনা) আকিঞ্চন বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি দিলীপ কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল অঞ্চলের এসডিপি ও কিউআরটি (QRT) প্রধান প্রীতম ঘোষ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংকসহ জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা, ব্যবসায়ী, আর্থিক খাতসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. মফিজুর রহমান খান চৌধুরী বলেন, বাংলা কিউআর চালুর ফলে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করা যাবে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ। তিনি বলেন, এ উদ্যোগ দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ব্যবসায়ী, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি পেলে বাংলা কিউআরের ব্যবহার আরও ব্যাপক হবে এবং দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, এর কার্যকারিতা এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered