প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বরগুনা জেলা প্রতিনিধি: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে - জেলা মৎস্য অফিস, বরগুনার আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ বরগুনার প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, মৎস্য অধিদপ্তর বরগুনার উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সভায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফল ও ফলপ্রসূভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মৎস্য খাতের উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। আলোচনা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ যথাযথ মর্যাদায় উদ্যাপন এবং বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। সভায় অংশগ্রহণকারীরা মৎস্যসম্পদ রক্ষা, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered