প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা!

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের গেরাবুনিয়া গ্রামে মোসা. সানজিদা আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এটিকে আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে---
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় স্বামী উজ্জ্বল তালুকদারের বাড়ি থেকে সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার করে আমতলী থানা পুলিশ। পরে রাত ১০টার দিকে মরদেহ থানায় নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার জানায়, ২০২২ সালে পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের পসুরিবুনিয়া গ্রামের আবুবকর তালুকদারের বড় মেয়ে সানজিদা আক্তারের সঙ্গে আমতলী উপজেলার গেরাবুনিয়া গ্রামের মোহাম্মদ কাবিল তালুকদারের ছেলে উজ্জ্বল তালুকদারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ি মাকসুদা বেগম তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ পরিবারের।
নিহতের বাবা আবুবকর তালুকদার বলেন, “অভাবের সংসার থেকেও বিভিন্ন সময়ে জামাইকে প্রায় তিন থেকে চার লাখ টাকার মালামাল এবং নগদ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। এরপরও আমার মেয়ের ওপর নির্যাতন বন্ধ হয়নি। যৌতুকের দাবিতে একাধিকবার তাকে মারধর করা হয়েছে।” তিনি আরও বলেন, প্রায় তিন মাস আগে মারধরের ঘটনায় মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে স্থানীয় সালিশের মাধ্যমে তাকে আবার স্বামীর বাড়িতে নেওয়া হয়। গত মাসেও একই ধরনের ঘটনার পর ভুল স্বীকার করে তাকে ফের স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পরিবারের অভিযোগ, সম্প্রতি শাশুড়ি মাকসুদা বেগম কয়েক দিনের জন্য বাইরে যাওয়ার সময় সানজিদাকে বাড়িতে রেখে যান। ফিরে এসে ঘরের একটি কক্ষের তালা ভাঙা দেখতে পেয়ে তার বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তোলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী উজ্জ্বল তালুকদার ও শাশুড়ি মাকসুদা বেগম তাকে মারধর করেন বলে দাবি পরিবারের সদস্যদের। এছাড়া ওই সময় সানজিদাকে বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলতেও বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়। নিহতের পরিবারের দাবি, সানজিদার মৃত্যুর খবর তাদের সরাসরি জানানো হয়নি। অন্য একটি সূত্রের মাধ্যমে বুধবার দুপুর আড়াইটার দিকে তারা মেয়ের মৃত্যুর সংবাদ জানতে পারেন। তবে অভিযোগ অস্বীকার করে উজ্জ্বল তালুকদার মুঠোফোনে বলেন, “আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম। কী কারণে সে মারা গেছে, আমি জানি না। শ্বশুর যদি বলে আমি হত্যা করেছি, তাহলে আমার বলার কিছু নেই।”
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered