প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র!

বরগুনা প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও (ডেমি-অফিসিয়াল) পত্র তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার অভিযোগে বরগুনার সাবেক সহকারী কমিশনার (ভূমি), (এসিল্যান্ড) শাওন মজুমদার সুমনকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিলের মাধ্যমে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা তাদের নজরে এসেছে। সচিবালয় স্পষ্টভাবে জানায়, ওই পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যুকৃত নয় এবং এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র পাওয়া গেলে তার সত্যতা যাচাই করে গ্রহণের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জুলাই বরগুনা সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত অবস্থায় শাওন মজুমদার সুমনকে স্ট্যান্ড রিলিজ করা হয়। সে সময় তার বিরুদ্ধে ভূমি সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংযুক্ত করা হয়। পরবর্তীতে ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি ও ব্যবহারের অভিযোগ সামনে এলে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বর্তমান কর্মস্থল থেকেও প্রত্যাহার করে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered