প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
বরগুনায় নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

বরগুনা প্রতিনিধি: নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনায় ‘সচেতনতা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে বরগুনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে কড়ইতলা সোনাখালী গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) রূপ কুমার পাল। এসময় উপস্থিত ছিলেন কড়ইতলা সোনাখালী গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, রিপোর্টার্স ক্লাব বরগুনার সভাপতি তরিকুল ইসলাম রতনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহের কুফল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য ও রচনা উপস্থাপন করে। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered