প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

(তাওহীদুল ইসলাম শুভ) পাথরঘাটা, বরগুনা: বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার হিরু আর নেই। গত সোমবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী, কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী। গোলাম সরোয়ার হিরু পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আহের উদ্দিন হাওলাদারের ছেলে। ১৯৪৯ সালের ৩০ আগস্ট জন্মগ্রহণকারী এই রাজনীতিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজনৈতিক জীবনে গোলাম সরোয়ার হিরু ছিলেন বরগুনার অন্যতম পরিচিত মুখ। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ত কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তিনি ইসলামী ঐক্যজোট, বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৩ সালের বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় তিনি পুনরায় রাজনৈতিক আলোচনায় আসেন। তার মৃত্যুতে বরগুনা-২ আসনসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered