প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2026 ইং
বরগুনায় বিষ প্রয়োগে স্বামীকে হত্যার অভিযোগ: দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা এলাকায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী সড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কেওড়াবুনিয়া ইউনিয়নের বাসিন্দা আফান সিকদার (পিতা: খবির সিকদার) গত ১৯ জুলাই বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৪ জুলাই) তিনি মারা যান। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, আফান সিকদারের স্ত্রী মোসা. রাবেয়া বেগম এবং তার কথিত পরকীয়া প্রেমিক মো. হাসান পরিকল্পিতভাবে তাকে বিষ প্রয়োগ করেন। ঘটনার পর শনিবার বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রাবেয়া বেগম ও মো. হাসানকে আটকে রাখেন। পরবর্তীতে বরগুনা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। ঘটনাটি স্থানীয় এমপির বাড়ির কাছাকাছি হওয়ায় পরে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামতের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ আনা হলেও অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered