প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 25, 2026 ইং
আমতলীতে বাসের ধাক্কায় ৩৩ কেভি বিদ্যুৎ খুঁটি বিধ্বস্ত, দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা!

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ লাইনের খুঁটিতে ধাক্কা দিলে খুঁটিটি ভেঙে যায়। এ ঘটনায় পুরো আমতলী উপজেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা দেখা দিয়েছে। গত শনিবার ভোর ৬টা ১৫ মিনিটের দিকে ‘ইমরান ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের ৩৩ কেভি প্রধান বিদ্যুৎ লাইনের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে খুঁটিটি চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হলেও দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর পর নতুন খুঁটি স্থাপন ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ শুরু হবে। এ সময় নিরাপত্তার স্বার্থে পুরো আমতলী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে এবং মেরামত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে জরুরি এ তথ্য আমতলীর সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সংবাদকর্মী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered