প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 23, 2026 ইং
টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বরগুনায় তরুণ সংগঠকদের কর্মশালা

রিপন মালী,বরগুনা প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা নিশ্চিত এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরগুনার আরডিএফ প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, বরগুনা এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)। সনাকের সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় সেশন পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি ও ইয়েস গ্রুপের যুগ্ম আহ্বায়ক ডা. মনিজা। তিনি বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। এ ধরনের আয়োজন তরুণদের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করবে। অনুষ্ঠানে কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর ফিরোজ উদ্দীন। মূল আলোচনায় কাজী শফিকুর রহমান স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ এবং নাগরিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে অংশগ্রহণকারী ৫০ জন তরুণ-তরুণীকে চারটি দলে ভাগ করে দলীয় আলোচনা ও উপস্থাপনার আয়োজন করা হয়। এতে তারা দুর্নীতি প্রতিরোধ, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণে বিভিন্ন বাস্তবভিত্তিক সুপারিশ তুলে ধরেন।
কর্মশালার সমাপনী পর্বে সনাক সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান উপস্থিত তরুণ সংগঠকদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। এ সময় অংশগ্রহণকারীরা একটি নৈতিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্বে সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করতে হবে। ইতিবাচক পরিবর্তন আনার সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ।”
দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২৬টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ৫০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। আয়োজকদের আশা, কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered