প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 17, 2026 ইং
বরগুনায় জগন্নাথ দেবের রথযাত্রা: ভক্ত-দর্শনার্থীদের ঢল, অংশ নিলেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা শহরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে গতকাল বিকেল থেকে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় উৎসবকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গতকাল বিকেল চারটার দিকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহিন- এ রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ রথযাত্রায় অংশগ্রহণ করেন। রথযাত্রাটি মহাসড়কসংলগ্ন ইসকন মন্দিরের সামনে থেকে শুরু হয়ে বরগুনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পুরো আয়োজন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিল উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শোভাযাত্রা চলাকালে ভক্তদের ধর্মীয় সঙ্গীত, প্রার্থনা ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।
আয়োজকরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের রথযাত্রা সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered