প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2026 ইং
বেতাগীতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত: পানিবন্দি এলাকাবাসী; পরিদর্শনে ইউএনও

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানির প্রবল চাপে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। আকস্মিকভাবে লোকালয়ে পানি ঢুকে বসতবাড়ি প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতাগী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামের চাপড়াশী বাড়ি সংলগ্ন বিষখালী নদীর বেড়িবাঁধের একটি অংশ ভেঙে যায়। পরে ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করলে তাদের বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন এবং বেতাগী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের পরিস্থিতি পর্যবেক্ষণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, “বাঁধ ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে। পানি পুরোপুরি না নামা পর্যন্ত প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দ্রুত বেড়িবাঁধ মেরামতের পাশাপাশি স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে ভবিষ্যতে একই ধরনের দুর্যোগে তাদের আর ক্ষতির মুখে পড়তে না হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered