প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2026 ইং
ভরা মৌসুমেও ইলিশ সংকটে বরগুনার উপকূল: দুর্দশায় হাজারো জেলে

বরগুনা প্রতিনিধি: দক্ষিণ উপকূলের অন্যতম মৎস্যসমৃদ্ধ জেলা বরগুনায় চলতি মৌসুমে আশানুরূপ ইলিশ না পাওয়ায় চরম সংকটে পড়েছেন হাজারো জেলে। ভরা মৌসুমেও গভীর সাগরে দিনের পর দিন অবস্থান করেও অধিকাংশ ট্রলার প্রায় খালি হাতে ফিরছে। ফলে আয়-রোজগার বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলে পরিবারগুলো।
জেলেদের অভিযোগ, একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় হলেও পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় সেই খরচও উঠছে না। একের পর এক লোকসানে অনেকেই ব্যাংক, এনজিও ও স্থানীয় মহাজনের ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।এদিকে বৈরী আবহাওয়া, সরকারি নিষেধাজ্ঞা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সমুদ্র দস্যুর আতঙ্ক এবং ঋণের কিস্তির চাপ সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। আয় না থাকায় অনেক পরিবার ধার-দেনা করে সংসার চালাচ্ছে, কেউ বিক্রি করছেন গবাদিপশু, আবার কেউ প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধক রাখছেন।মৎস্য বিভাগ জানায়, বরগুনায় প্রায় ৪৮ হাজার ৬০০ নিবন্ধিত জেলে রয়েছেন। তবে আরও কয়েক হাজার অনিবন্ধিত জেলে সরকারি সহায়তার বাইরে রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, নদীর নাব্যতা সংকট, ডুবোচর সৃষ্টি এবং অবৈধ জালের ব্যবহার ইলিশের স্বাভাবিক বিচরণে নেতিবাচক প্রভাব ফেলছে।
জেলেদের দাবি, শুধু নিষেধাজ্ঞা নয়, সহজ শর্তে ঋণ, জ্বালানি তেলে ভর্তুকি, অনিবন্ধিত জেলেদের নিবন্ধন, সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। অন্যথায় বরগুনার উপকূলীয় অর্থনীতি ও হাজারো জেলে পরিবারের সংকট আরও গভীর হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered