প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
বরগুনায় ‘One Child, One Tree’ কর্মসূচির উদ্বোধন: ৩৫০জন শিক্ষার্থীর হাতে গাছের চারা

বরগুনা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বরগুনা জেলা প্রশাসন ২০২৬-২৭ অর্থবছরে ৫০ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে "One Child, One Tree" শীর্ষক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার (৫ জুলাই) বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকচরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে মোট ৩৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনায় এসব চারা রোপণ করবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেকের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গাছ শুধু রোপণ করলেই হবে না, সেটির পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, "One Child, One Tree" কর্মপরিকল্পনার আওতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। এর মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered