প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
বরগুনা শহরের ফার্মেসি পট্টিতে একই রাতে তিন দোকানে দুঃসাহসিক চুরি, জনমনে আতঙ্ক

(সাইফ সোহেল) বরগুনা প্রতিনিধি: বরগুনা শহরের প্রাণকেন্দ্র শেরেবাংলা সড়কের ব্যস্ততম ফার্মেসি পট্টি এলাকায় একই রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রাতে বাজারের পূর্ব মাথায় অবস্থিত তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো—মোঃ ফজলুল হকের দোকান, মোঃ সাত্তার মিয়ার মুদি দোকান এবং ছগীর ফার্মেসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোরচক্র প্রথমে সাত্তার মিয়ার মুদি দোকানের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে সিসি ক্যামেরার দুইটি মনিটর, গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং ক্যাশবাক্সে থাকা নগদ টাকা লুট করে। পরবর্তীতে একই কায়দায় পাশের ফজলুল হকের দোকানে ঢুকে ক্যাশ থেকে ৪৬ হাজার টাকা হাতিয়ে নেয়। সবশেষে চোরেরা ছগীর ফার্মেসিতে হানা দিয়ে বিপুল পরিমাণ ঔষধ ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
দোকান মালিকদের দাবি, রাতের আঁধারে সুপরিকল্পিতভাবে এ চুরি সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে বরগুনা শহরের ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, ইদানীং বরগুনা শহর ও এর আশেপাশের এলাকায় চুরির প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও চুরির খবর পাওয়া যাচ্ছে, যা জনমনে নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শহরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন ধারাবাহিক চুরির ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই লক্ষণ। তারা অবিলম্বে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, বরগুনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। ভবিষ্যতে শহরের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার এবং অপরাধীদের দ্রুত শনাক্তকরণে পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি করা হবে—এটাই এখন সাধারণ মানুষের প্রাণের দাবি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered