প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 2, 2026 ইং
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে বরগুনায় মতবিনিময় সভা

বরগুনা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বরগুনা পৌরসভা মিলনায়তনে ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল। তিনি বলেন, মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ লক্ষ্যে পৌরসভা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং নাগরিকদের সহযোগিতা কামনা করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। এছাড়াও সভায় দীপাঞ্চল ও দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদকমণ্ডলী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান জোরদার, সঠিকভাবে বর্জ্য অপসারণ এবং মশার প্রজননস্থল নির্মূলে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered