প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2026 ইং
তালতলীতে ২ হাজার কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় খরিপ-২ মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ, সার এবং ফলজ-নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত রোববার (২৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১৫০ জন কৃষকের মধ্যে ১০ গ্রাম করে হাইব্রিড মরিচের বীজ এবং ৩০০ জন কৃষকের মধ্যে ৩০০ গ্রাম করে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৭০০ জন কৃষকের মাঝে ৩ হাজার ৫০০টি নারিকেল চারা এবং ১ হাজার ৮৫০ জন কৃষকের মাঝে ১ হাজার ৮৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কৃষকদের বিতরণ করা বীজ, সার ও চারার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered