প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 24, 2026 ইং
আমতলীতে ৬ হাজার ৬৭০ কৃষকের মাঝে গাছের চারা ও সার বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি বছর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৬৭০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলের সভাপতিত্বে কৃষকদের হাতে গাছের চারা ও সার তুলে দেন প্রধান অতিথি আমতলী উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আলহাজ্ব মো. আশরাফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রীস আলী, বন কর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম এবং রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ৬৭০ জন কৃষকের মধ্যে নারিকেল, আম, জাম, লেবু, আতা, শরিফা, কাঁঠাল, লিচু, অর্জুন, মেহগনি ও রেইনট্রিসহ বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, গাছ রোপণের খুঁটি এবং ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, কৃষকদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যেই সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered