প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
বরগুনায় মাইকিংয়ের মাধ্যমে চিকিৎসকদের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনা জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে চিকিৎসকদের রোগী দেখার সময়সূচি ও সেবা সংক্রান্ত বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের প্রচারণা বন্ধ রাখতে বলা হয়েছে।সম্প্রতি বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়। উক্ত নোটিশে উল্লেখ করা হয়, চলতি জুন মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসকদের রোগী দেখার সময়সূচি কিংবা সেবা সংক্রান্ত তথ্য মাইকিংয়ের মাধ্যমে প্রচার করতে পারবে না। এতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসাসেবা সংক্রান্ত প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে। জনস্বার্থে এবং চিকিৎসাসেবা সংক্রান্ত প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered